ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়ায় ইসরায়েল-সম্পৃক্ত একটি গোষ্ঠীর তীব্র আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, ইসরায়েল সরকারের কিছু সদস্য ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ব্যাহত করতে মার্কিন জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় মার্কিন পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এসব অভিযোগ করেন।
ভ্যান্স বলেন, গত মাসে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করে ইসরায়েল সরকারের কিছু সদস্য সামরিক অভিযান অব্যাহত রাখতে চান। তার ভাষ্য, ওই চুক্তি ভণ্ডুল করতে বিদেশি অর্থায়নে প্রচারণা চালানো হয়েছে, যাতে মার্কিন জনমত এর বিরুদ্ধে অবস্থান নেয়।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত কূটনৈতিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করায় তার বিরুদ্ধে সমালোচনা ও আক্রমণ চালানো হচ্ছে।
টাইম সাময়িকীর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ভ্যান্স দাবি করেন, ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন জনমত প্রভাবিত করতে ইসরায়েলের পক্ষে ডিজিটাল প্রচারণা চালানোর জন্য ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সাবেক এক ব্যবস্থাপককে নিয়োগ দেওয়া হয়েছিল। তার অভিযোগ, আলোচনার পথ রুদ্ধ করতে বিপুল অর্থ ব্যয়ে এ প্রচারণা পরিচালিত হয়েছে।
আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি প্যাটি কালহেনের মতে, এই প্রচারণার লক্ষ্য ছিল মূলত ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ সমর্থকদের প্রভাবিত করা, কারণ ইসরায়েল নীতি নিয়ে ওই গোষ্ঠীর মধ্যেই মতপার্থক্য বাড়ছে।
তবে ভ্যান্স বলেন, মিত্র কিংবা প্রতিপক্ষ—সব দেশই যুক্তরাষ্ট্রের নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। কিন্তু সেই প্রচেষ্টা যদি মার্কিন রাজনৈতিক সিদ্ধান্তে বাস্তব প্রভাব ফেলে, তখনই তা উদ্বেগের বিষয়।
তিনি আরও দাবি করেন, ইসরায়েলের প্রভাব না থাকলে যুক্তরাষ্ট্র সর্বশেষ ইরান যুদ্ধে জড়াত না। তবে একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন করা উচিত নয়।