‘জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বিএনপি’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম

দিনাজপুরের হিলি পৌর শহরে আয়োজিত পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জুলাইয়ের ঐক্য, চেতনা এবং শহীদদের আত্মত্যাগের সঙ্গে প্রথম বিশ্বাসঘাতকতা বিএনপিই করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে বিএনপি নিজেদের অবস্থান সংশোধন করলে আবারও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে দিনাজপুরের হিলি পৌর শহরের খাদ্যগুদাম মোড়ে আয়োজিত ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন, ‘বাংলাদেশে জুলাইয়ের যে ঐক্য হয়েছিল, তা প্রথম ভঙ্গ করেছে বিএনপি। দ্বিতীয়ত, জুলাইকে প্রথম বিকৃতও করেছে বিএনপি। তৃতীয়ত, যদি জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে কেউ গাদ্দারি করে থাকে, সেটাও প্রথম করেছে বিএনপি।’

তিনি আরও বলেন, বিএনপি যদি নিজেদের অবস্থান সংশোধন করে, তাহলে দেশে আবারও জুলাই ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলা সম্ভব। তবে ফ্যাসিবাদী ব্যবস্থার ধারাবাহিকতা যদি কোনো রাজনৈতিক দল বজায় রাখে, তাহলে তাদের বিরুদ্ধেও রাজনৈতিকভাবে কঠোর লড়াই চালানো হবে।

পদযাত্রা কর্মসূচিতে গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিও তুলে ধরা হয়।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

তাসনিম হোসেন