দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। শনিবার (১৮ জুলাই) নবীন শিক্ষার্থীদের বরণ এবং উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে।
বহুল প্রতীক্ষিত নওগাঁ বিশ্ববিদ্যালয় শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রথম ধাপে আইন ও হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের বরণের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের সূচনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সায়েম বিন সোলাইমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টায় শহরের বরুনকান্দি মোড়ে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন, ফলক উন্মোচন, শ্রেণিকক্ষ, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও স্টাডি সেন্টারের উদ্বোধন এবং কেক কাটার মাধ্যমে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হবে।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং অতিথিদের বক্তব্য অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের আমগাছের চারা উপহার দিয়ে বরণ করা হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী।
উপাচার্য জানান, বর্তমানে দুটি বিভাগে আটজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। পর্যায়ক্রমে নতুন বিভাগ চালু, শিক্ষক নিয়োগ এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ইতোমধ্যে ৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং অবকাঠামো উন্নয়নের জন্য একটি মাস্টারপ্ল্যান প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে কৃষি, কর্মমুখী শিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হওয়াকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।