বরগুনা সদর উপজেলায় প্রবাসী আপাং সিকদারকে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী, কথিত পরকীয়া প্রেমিকসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
শনিবার (২৫ জুলাই) বিকেল থেকে রাত পর্যন্ত বরগুনা-পুরাকাটা মহাসড়কের চালিতাতলা এলাকায় কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে কীটনাশক খাইয়ে হত্যা করা হয়েছে প্রবাসী আপাং সিকদারকে।
স্থানীয়দের দাবি, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকা আপাং সিকদার তার স্ত্রীর কাছে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছিলেন। দেশে ফিরে সেই অর্থের হিসাব ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। একই সঙ্গে তার স্ত্রীর সঙ্গে এক প্রতিবেশীর পরকীয়ার সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই আপাং সিকদারকে কীটনাশক খাওয়ানো হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর কথিত পরকীয়া প্রেমিক পালিয়ে গেলেও নিহতের স্ত্রী, মেয়ে, শাশুড়ি ও শ্যালককে স্থানীয়রা আটক করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতা কয়েক ঘণ্টা পুলিশবাহী গাড়ি ঘিরে রাখে।
নিহতের বোন নুরজাহান অভিযোগ করেন, তার ভাইকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তিনি জানান, নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।