কেন্দ্রীয় সরকার সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) এক যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় সংগঠনটি।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে দীর্ঘদিন ধরে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিল সিজেপি। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালে পূরণ হয়।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির প্রতিনিধিদল সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনায় বসে। আলোচনা শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের উত্থাপিত সব দাবি সরকার গ্রহণ করেছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা সব পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করা হবে। পাশাপাশি পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
সরকারের আশ্বাসে সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয়। একই সঙ্গে যন্তর মন্তরে অবস্থানরত সব বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।