ভারতে বাংলাদেশি দম্পতিকে পেটালেন এক চিকিৎসক, গ্রেফতারের পর জামিনে মুক্তি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক দম্পতির ওপর হামলার অভিযোগে এক স্থানীয় চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার বেত্তাদাসাপুরায় বসবাসকারী বাংলাদেশি দম্পতি নাসরিনা বিলাল (২৩) ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে রাস্তায় ওই দম্পতির সঙ্গে স্থানীয় চিকিৎসক ড. নাগেন্দ্রর দেখা হলে তিনি তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির পর হামলার ঘটনা ঘটে। পরে নাসরিনা বিলালের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে অভিযুক্ত চিকিৎসককে আটক করে।

অভিযোগে নাসরিনা বিলাল বলেন, হামলার আগে অভিযুক্ত চিকিৎসক তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে হিন্দি ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে টেনেহিঁচড়ে মারধর করেন। এ সময় তার স্বামীকে মাথা ও পিঠে আঘাত করার পাশাপাশি মাটিতে ফেলে লাথিও মারা হয়। ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জিজ্ঞাসাবাদে ড. নাগেন্দ্র দাবি করেন, এলাকায় অবৈধ বিদেশি নাগরিকের উপস্থিতির কারণে সন্দেহবশত তিনি ওই দম্পতিকে অবৈধ অনুপ্রবেশকারী মনে করেছিলেন।

তবে পুলিশ জানিয়েছে, নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে কোনো সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া বা কাউকে শারীরিকভাবে আক্রমণ করার কোনো সুযোগ নেই।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি ওই দম্পতির ভারতে প্রবেশসংক্রান্ত কাগজপত্র ও অভিবাসন-সংক্রান্ত আইনি অবস্থাও যাচাই করা হচ্ছে। পাশাপাশি হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তও চলমান রয়েছে।

তাসনিম হোসেন