সাত মাসেও নিষ্পত্তি হয়নি শেখ হাসিনাসহ তিনজনের সাজা বৃদ্ধির আপিলের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেওয়া সাজা নিয়ে করা আপিলের সাত মাস পার হলেও এখনো তা চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান থাকলেও প্রসিকিউশনের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় থমকে আছে এই শুনানি। শুধু এই মামলাটিই নয়, ট্রাইব্যুনালে বিচারাধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আপিলও বর্তমা

আদালত সূত্রে জানা যায়, ট্রাইব্যুনাল আইনে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে। এ ছাড়া আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির আইনি বিধানও রয়েছে। তবে আইন বিশেষজ্ঞদের মতে, এ সময়সীমা ‘নির্দেশনামূলক’ বা ডাইরেক্টরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হলেও আপিলের কার্যকারিতা বহাল থাকে।

গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান। পরবর্তীতে ১৫ ডিসেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সাজা আরও বাড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে আপিল করে প্রসিকিউশন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই আপিলের শুনানি শেষ করা সম্ভব হয়নি।

এই বিলম্বের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, ‘আইনে ৬০ দিনের ডাইরেক্টরি বিধান আছে। যদি ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না-ও হয়, তবুও আপিলটা এনফ্রেকচুয়াস (কার্যকারিতাহীন) হয়ে যাবে না, অর্থাৎ আপিল বহাল থাকবে।’ তিনি আরও জানান, মূলত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ার কারণেই এখন পর্যন্ত শুনানির জন্য কোনো উদ্যোগ নেওয়া যায়নি। একই কারণে জুলাই অভ্যুত্থানে চাঁনখারপুলে হত্যাযজ্ঞ এবং আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার আপিল শুনানিও থমকে আছে।

এদিকে জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ কয়েকজনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব মামলার রায় চলতি জুনের মধ্যেই ঘোষণা হতে পারে।

তাসনিম হোসেন