রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা একটি অনলাইন প্রতারণার মামলায় দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার অপর সন্দিগ্ধ আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদে এই জালিয়াতিতে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করে শুনানি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি একটি অনলাইন প্রতারক চক্র চাকরির প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে যোগাযোগ করে। শুরুতে অল্প টাকা মুনাফাসহ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করার পর ধাপে ধাপে তারা ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর তাকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছিল।