মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলি, নিহত ১, আহত ২

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম

ছবি: সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ ও জোকালো পাবলিক স্কয়ারের সংলগ্ন এলাকায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ জুলাই) সংঘটিত এই সরাসরি হামলায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকো সিটির নিরাপত্তা–বিষয়ক সচিবালয় এই ঘটনাকে একটি ‘সরাসরি হামলা’ হিসেবে চিহ্নিত করেছে। গুলিতে ৪২ বছর বয়সি এক পুরুষ ঘটনাস্থলেই নিহত হন এবং আহত অপর দুজন পুরুষের বয়সই ৩৯ বছর। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে এই হামলার ঘটনা ঘটে। ঔপনিবেশিক আমলের ভবনে ঘেরা এই এলাকাটি মূলত জাল নথিপত্র তৈরি ও বিক্রির জন্য কুখ্যাত।

হামলা চালানোর পরপরই সন্দেহভাজন বন্দুকধারী একটি মোটরসাইকেলে চড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি নিয়ে জোরালো তদন্ত শুরু করেছে। মেক্সিকোর মাদক–পাচার চক্রের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন অঞ্চলে এমন গোলাগুলি ও হতাহতের ঘটনা বেশ সাধারণ হলেও দেশের রাজধানীতে, বিশেষ করে খোদ প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এমন প্রকাশ্য হামলা সচরাচর দেখা যায় না। তবে রাজধানীতে ‘ইউনিয়ন তেপিতো’ ও ‘ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়ন’-এর মতো বেশ কিছু সড়কভিত্তিক অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

তাসনিম হোসেন