শাপলা চত্বর হত্যা মামলায় আজ অভিযোগ দাখিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে। মামলায় সাবেক মন্ত্রী, সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিসহ একাধিক আসামির নাম রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হতে যাওয়া এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

এর আগে গত শনিবার মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ বিষয়ে আয়োজিত এক পরামর্শ সভায় ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম জানান, সোমবার মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ১৪ মে এ মামলায় ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে আদালতে হাজির করার পরোয়ানা চেয়ে আবেদন করা হয়েছিল।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে ঢাকাসহ চারটি স্থানে সংঘটিত সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার হিসাবে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

তাসনিম হোসেন