একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত কবি, সাহিত্যিক ও মুক্তিযোদ্ধা আল মুজাহিদী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ মানসুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। গত বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিনি দীর্ঘ সময় শয্যাশায়ী ছিলেন।

বাংলা সাহিত্যে আল মুজাহিদীর অবদান বহুমাত্রিক। কবিতা, উপন্যাস, গল্প, শিশুসাহিত্য, প্রবন্ধ, অনুবাদ ও গবেষণাধর্মী রচনার মাধ্যমে তিনি পাঠকসমাজে বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবনে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি দেশ ও সমাজ নিয়ে তার ভাবনা বিভিন্ন লেখায় প্রতিফলিত হয়েছে।

তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে অসংখ্য কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্পগ্রন্থ, শিশুসাহিত্য, অনুবাদ ও গবেষণামূলক বই। বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে তার অবদান পাঠকসমাজ দীর্ঘদিন স্মরণ করবে।

জীবন ও কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কারে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।বিশিষ্ট এই কবির মৃত্যুতে সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও তার অসংখ্য পাঠক শোক প্রকাশ করেছেন। বাংলা সাহিত্যে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তৌহিদুল ইসলাম