এক প্রশ্নপত্রে কাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে। বাংলাদেশের শিক্ষায় এই প্রথম দেশের সবকটি সাধারণ ও বিশেষায়িত শিক্ষাবোর্ডে অভিন্ন বা একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে এবার নেওয়া হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। তবে সব বোর্ডে একই মানদণ্ডে খাতা মূল্যায়ন এবং পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠুভাবে শেষ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি।

মোট পরীক্ষার্থীর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিচ্ছেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এ ছাড়া মাদরাসা (আলিম) ও কারিগরি (এইচএসসি ভোকেশনাল/বিএম) শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছেন ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী। বরাবরের মতোই প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এই মেগা পরীক্ষা শুরু হবে।

কেন্দ্র বিন্যাস ও ৩৫ দফার কড়া নির্দেশনা

এবারের পরীক্ষা দেশের মোট ২ হাজার৯৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪৫টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৪০টি কেন্দ্রই রাজধানী ঢাকায় অবস্থিত।

পরীক্ষা নির্বিঘ্ন ও নকলমুক্ত রাখতে শিক্ষা কর্তৃপক্ষ প্রশ্নপত্র বিতরণ, ওএমআর (OMR) ও উত্তরপত্র সংরক্ষণ, পরীক্ষাকেন্দ্রে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম এবং শৌচাগার তল্লাশিসহ অত্যন্ত কঠোর ৩৫ দফার বিশেষ নির্দেশনা জারি করেছে।

প্রশ্নফাঁস হলে সারা দেশে পরীক্ষা স্থগিত: আন্তঃশিক্ষা বোর্ড

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে দৃঢ়তার সঙ্গে বলেছেন, "বর্তমান প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। সম্পূর্ণ সুষ্ঠু, ইতিবাচক ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে জানান, যদি কোনো কারণে দেশের কোথাও প্রশ্নফাঁসের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা ছড়ায়, তবে অনতিবিলম্বে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে দেওয়া হবে এবং পরবর্তীতে সম্পূর্ণ নতুন প্রশ্নপত্রে সেই পরীক্ষা পুনরায় গ্রহণ করা হবে।

জালিয়াতি হলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

এদিকে পরীক্ষাকেন্দ্রে যেকোনো ধরনের অসদুপায় বা নকল প্রতিরোধে কঠোর বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের নকল বা জালিয়াতির ঘটনা হাতেনাতে ধরা পড়লে শুধু সংশ্লিষ্ট পরীক্ষার্থীকেই বহিষ্কার করা হবে না, বরং দায়িত্বে অবহেলার কারণে ওই নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

শিক্ষা সূচি অনুযায়ী, এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ৯ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাসনিম হোসেন