রোমে বাংলাদেশি পরিবার হত্যার ঘটনায় মোমবাতি প্রজ্বালন করে শোক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

ইতালির রাজধানী রোমের কাসালোত্তি এলাকায় নিহত বাংলাদেশি দম্পতি ও তাদের পাঁচ বছরের কন্যাকে স্মরণ করে মোমবাতির আলোয় নীরব শোকমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শত শত স্থানীয় বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় রাত ৯টায় রোমের পিয়াজা ওরমেয়া থেকে শোকমিছিলটি শুরু হয়। পরে কাসালোত্তি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা নিহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।

শোকমিছিলে অংশ নেন শত শত ইতালীয় নাগরিকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সবাই হাতে মোমবাতি নিয়ে নীরবভাবে নিহতদের স্মরণ করেন।

এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নিহত পরিবারের সদস্য কামাল উদ্দিন, জাহান হোসনে মমতাজ এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা অ্যারোয়ার স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নিহত দম্পতির ছেলে আমিরের সহপাঠীরাও। তারা বন্ধুর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

আয়োজকদের মতে, নিহত পরিবারটি কাসালোত্তি এলাকায় অত্যন্ত পরিচিত, শান্তিপ্রিয় এবং সবার কাছে প্রিয় ছিল। তাই এই নির্মম হত্যাকাণ্ড স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি পুরো এলাকাবাসীকেই গভীরভাবে শোকাহত করেছে।

তারা জানান, এই আয়োজনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং পরিবারের একমাত্র জীবিত সদস্য আমিরের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে ইতালীয় পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য চাওয়া হয়েছে।

মোমবাতির আলোয় অনুষ্ঠিত এই নীরব শোকযাত্রা কাসালোত্তি এলাকার মানুষের শোক, সংহতি এবং নিহত পরিবারের প্রতি ভালোবাসার এক হৃদয়স্পর্শী প্রতিফলন হয়ে উঠেছে। একই সঙ্গে ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

তাসনিম হোসেন