স্বাস্থ্য খাতে অবহেলা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানেই অবহেলা ও দুর্নীতি দেখা যাবে, সেখানেই সরাসরি চাকরিচ্যুতি করা হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিয়ে বলেন, "আমি শুধু নামমাত্র ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। সবাইকে শতভাগ সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসা খাতে যেকোনো মূল্যে দুর্নীতি ও ঘুষের বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত কাউকেই বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।"
দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৫০ শয্যার অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো দ্রুত সংস্কার করে নতুনভাবে আধুনিক সজ্জায় সাজানো হবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে খুব শীঘ্রই আরও নতুন চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এর পাশাপাশি দেশের প্রতিটি পরিবার পরিকল্পনা কেন্দ্রকেও আধুনিকায়ন করা হবে।
বর্তমান বাজেটের আদর্শিক দিক তুলে ধরে মন্ত্রী বলেন, "স্বাস্থ্য খাতে চলতি বছরই আমরা একটি যুগান্তকারী বিপ্লবের সূচনা করতে চাই। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন জনকল্যাণমুখী কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা যায়। আমরা এমন একটি স্বাস্থ্য খাত তৈরি করতে চাই যা বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবে। মনে রাখবেন, আমাদের এবারের বাজেট শুধু টাকার কোনো কাগুজে বাজেট নয়, এটি একটি আদর্শের বাজেট। এই বাজেটের প্রতিটি আদর্শ ও প্রকল্প সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে মাঠে বাস্তবায়ন করা হবে।"
নরসিংদীবাসীর জন্য সুখবর দিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, "চলতি বছর থেকেই অত্যন্ত আনন্দের সাথে ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাঠদান ও ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের নিয়মিত ক্লাসগুলো সাময়িকভাবে স্থানান্তর করা হবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। ইতোমধ্যে মেডিকেল কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের জন্য উপযুক্ত ও বড় জায়গা খোঁজা হচ্ছে। খুব শিগগিরই স্থান চূড়ান্ত করে সেখানে স্থায়ী ও দৃষ্টিনন্দন নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।"
বক্তব্যের শেষাংশে আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বন্ধুপ্রতিম দেশ চীনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে যে অত্যাধুনিক ১৮টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হতে যাচ্ছে, তার মধ্যে একটি হাসপাতাল নরসিংদী জেলায় স্থাপন করা হবে। এই মেগা প্রকল্পটি যেন নরসিংদী শহরের আশপাশেই সুবিধাজনক স্থানে স্থাপন করা যায়, সরকারের পক্ষ থেকে সেই সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।