ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের: হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না সেনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম

ছবি: প্রজন্ম ২৪

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী কোনোভাবেই লেবানন থেকে পিছু হটবে না।

বৃহস্পতিবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর এই বিস্ফোরক বিবৃতির তথ্য নিশ্চিত করা হয়েছে।

মার্কিন প্রশাসনের চাপ বা পরামর্শকে তোয়াক্কা না করে কাটজ বলেন, ‘লেবাননের ভূখণ্ডে প্রবেশের জন্য আমরা অতীতে কারও অনুমতি চাইনি, আর এখন সেখানে অবস্থান করার জন্যও আমাদের অন্য কারও অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা এবং সামগ্রিকভাবে ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মৌলিক অধিকার এবং একমাত্র দায়িত্ব।’

এর আগে গত বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, তাঁর বিশ্বাস ইসরাইল খুব শীঘ্রই লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে। তবে ট্রাম্পের এই ধারণাকে ভুল প্রমাণ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে, হিজবুল্লাহর হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ তাঁর বক্তব্যে আরও যোগ করেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি যৌথভাবে এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছি যে, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং আমাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে রকেট হামলার হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের কৌশলগত নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব। শুধু তাই নয়, ইসরাইলের সুরক্ষার স্বার্থে প্রয়োজন অনুযায়ী আমরা সেই অঞ্চলের ভেতর থেকেই সামরিক অভিযান পরিচালনা করে যাব।’ ইসরাইলি প্রশাসনের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাসনিম হোসেন