রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল, টিকিটের টাকা ফেরত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১১:১২ এএম

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন তলিয়ে যাওয়ায় সাময়িকভাবে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

 

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজার অংশের যাত্রা বাতিল করা হয়। পরে ট্রেনটি আজ পুনরায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে, বুধবার ভোর থেকে ঢাকা থেকে আসা কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানি না কমা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী টিকিটের মূল্য ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

তাসনিম হোসেন