জাতিসংঘ থেকে সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম

সুন্দরবন সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার উন্নয়নে মোট ৩২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

‘পিপলস ম্যান্ডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিশিষ্টজন অংশ নেন। তারা সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, পরিবেশ এবং বাস্তুতন্ত্র রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন সংরক্ষণে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং বননির্ভর মানুষের জীবন-জীবিকার উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ। এ অর্থ পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সুন্দরবন রক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে সরকার, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 
 
 

তাসনিম হোসেন