২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত কর্মপরিকল্পনার আলোকে বাংলাদেশ সরকার এ সময়সূচি নির্ধারণ করেছে।

নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া হৃদ্‌রোগ, ফুসফুস, যকৃত বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, স্মৃতিভ্রংশ, ক্যানসারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি, রেডিওথেরাপি বা জীবপ্রযুক্তিনির্ভর চিকিৎসা গ্রহণরত রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজ পালনের অনুমতি পাবেন না। যক্ষ্মা ও রক্তক্ষরণজনিত জ্বরেও আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।

এ বছর সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে প্রত্যেক আগ্রহী হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ই-হজ ব্যবস্থায় নিজস্ব হিসাব খুলে নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের নির্ধারিত ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারে পাওয়া যাবে।

তাসনিম হোসেন