অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ থাকবে না বলে মন্তব্য করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড হেড অ্যান্ড নেক ক্যানসার ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু স্বাস্থ্য খাত নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। বিশেষ করে বিএনপির নির্বাচনি ইশতেহারে যেসব অঙ্গীকার করা হয়েছে, পর্যায়ক্রমে সেগুলোর সফল বাস্তবায়ন করা হবে। সমাজের পিছিয়ে থাকা মূক ও বধির ব্যক্তিরাও যাতে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের নবনির্মিত অডিটরি ভারবাল থেরাপি (এভিটি) সেন্টারের উদ্বোধন করেন। এ সময় তিনি এই গুরুত্বপূর্ণ এভিটি সেন্টারটি পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগীয় পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠান শেষে তাঁর পক্ষ থেকে চিকিৎসাধীন ও অসহায় রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বা ডিভাইস বিতরণ করা হয়।

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. হাসান জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল শাহীন এবং বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তারসহ নাক, কান ও গলা বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা।

তাসনিম হোসেন