কঠিন সময়েও আফগানদের ভুলে যায়নি ইরান: জবিউল্লাহ মুজাহিদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

ছবি: সংগৃহীত

ইরান নিজে বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার মধ্যে থাকলেও কঠিন সময়ে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছে। ইরানের পশতু রেডিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভয়াবহ বন্যার আঘাত হানে। এই প্রাকৃতিক দুর্যোগের পর কাবুলে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি মানবিক ত্রাণ কনভয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন শহরে প্রেরণ করে। প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এই ত্রাণ সহায়তার বড় একটি অংশজুড়ে ছিল আটা ও ভোজ্যতেল, যা বন্যায় সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সুষমভাবে বিতরণ করা হয়েছে।

এই প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগান জনগণ ইরানের এই সহানুভূতি ও সহযোগিতাকে কখনো ভুলবে না এবং দেশটির প্রতি তারা চিরকৃতজ্ঞ। ইরানের এই সহায়তা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে মুসলিম ভাইদের প্রতি সহযোগিতার এক অনন্য ও সুস্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগের সময়ে আফগানিস্তানের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া অন্যসব বন্ধুভাবাপন্ন দেশগুলোর প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তাসনিম হোসেন