জাতীয় সংসদে নিকাব বা পর্দা পরিধানকারী নারী সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর (কুমিল্লা-৬) তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে এই অপমানের দায়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ এক সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ডাকসুর এই ছাত্রনেতা সংসদে ঘটে যাওয়া ঘটনাটির দিকে দৃষ্টি আকর্ষণ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন।
জানা গেছে, সংসদ অধিবেশনে নিকাব পরিধানকারী দুই নারী সাংসদ বক্তব্য দেওয়ার পর কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তাদের উদ্দেশ্য করে বলেন, "আপনারা লেখাপড়া করে সংসদ সদস্য হয়েছেন, দুইজনের বক্তব্য শুনলাম কিন্তু বুঝলাম না তো কারা আপনারা।" এ সময় সংরক্ষিত আসনের বিএনপির কয়েকজন সংসদ সদস্য টেবিল চাপড়ে তার এই বক্তব্যকে সমর্থন জানান।
এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সর্বমিত্র চাকমা তার পোস্টে লিখেন, "মহান সংসদে দাঁড়িয়ে এটা একজন নারীর পোশাকের স্বাধীনতায় স্পষ্ট নগ্ন হস্তক্ষেপ। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার নারী সহপাঠীদের যারা বোরকা-হিজাব পরেন, তাদের কোথাও কোথাও কটাক্ষ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হন। সেই একই ধৃষ্টতা দেখা গেল মহান সংসদে, যা বাংলাদেশের কোটি কোটি নারী যারা বোরকা-নিকাব পরিধান করেন তাদের অপমান করার শামিল।"
তিনি আরও উল্লেখ করেন, মানুষের স্ব স্ব বিশ্বাস নিয়ে বাঁচার অধিকার একটি সুস্থ সমাজের ভিত্তি হওয়া উচিত। সংসদে দাঁড়িয়ে ধর্মানুরাগী নারীদের এভাবে অপমান করার দায়ে এমপি মনিরুল হক চৌধুরীকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।