‘সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তায়ও শোনে না’: শায়খ আহমাদুল্লাহকে নিয়ে ছাত্রদল নেতার মন্তব্য

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী বক্তা মুফতি আহমদুল্লাহকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী। তার এই মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর স্থানীয় আলেম সমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ১৫ই জুন একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে মুফতি আহমদুল্লাহর একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে তার একটি উক্তি উদ্ধৃত করে লেখা ছিল, "একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক একটি খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।"

উক্ত পোস্টের কমেন্ট বক্সে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী লেখেন, "হুজুর হু হু,,, রাতে তো আপনিও (হাসির ইমোজি)। সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তায়ও শোনে না।" তার এই মন্তব্যটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সাইবার দলের সভাপতি সুমন খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, "ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব কর্তৃক একজন আলেমকে উদ্দেশ্য করে এ ধরনের বেয়াদবিমূলক মন্তব্য করা শুধু অশালীনতাই নয়, বরং চরম ঔদ্ধত্য ও অসভ্য মানসিকতার প্রকাশ।"

অনুরূপ ক্ষোভ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোল্লা জাহিদুল হাসান ইসরাফিল তার ফেসবুক ওয়ালে লেখেন, "এর আগেও আপনার বিরুদ্ধে আলেম-উলামাদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। যদি সাম্প্রতিক মন্তব্যটি সত্যিই আপনার হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়াই হবে দায়িত্বশীলতার পরিচয়। যত দ্রুত ক্ষমা চাইবেন, ততই ভালো।"

এ বিষয়ে বক্তব্য জানতে ও তার অবস্থান পরিষ্কার করতে গণমাধ্যমের পক্ষ থেকে সমীর চক্রবর্তীর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এই বিষয়ে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

তাসনিম হোসেন