জেলা যুবদলের কমিটিতে না থাকায় ক্ষোভ প্রকাশ সাবেক নেতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম

লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক জীবনের পরও তাকে মূল্যায়ন না করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান সুমন চৌধুরী। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে লক্ষ্মীপুর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

তিনি অভিযোগ করেন, রাজপথে আন্দোলনের সময় পুলিশের ভয়ে তাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো এবং কঠিন পরিস্থিতিতে দিন কাটাতে হয়েছে। এত ত্যাগের পরও নতুন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত না করায় তিনি হতাশ।

সুমন চৌধুরী বলেন, দলের জন্য তিনি বহুবার ঝুঁকি নিয়েছেন এবং রাজপথে সক্রিয় থেকেছেন। তার দাবি, তার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তার পরিবারও জানতেন এবং এ কারণে তার বাবা মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন, যা পরবর্তীতে স্ট্রোকের কারণ হয়।

কমিটি থেকে বাদ পড়ার বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের প্রমাণ থাকলে তা প্রকাশ করা উচিত। অন্যথায় তাকে কেন বাদ দেওয়া হলো—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

তিনি আরও দাবি করেন, জেলা যুবদলের বর্তমান নেতৃত্বের আহ্বানে তিনি সবসময় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ ঘটনায় তিনি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ব্যাখ্যা দাবি করেছেন এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই এ নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ও সমালোচনা চলছে।

তাসনিম হোসেন