সংসদে সমাধান না হলে জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে আন্দোলন: ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "যেটা সংসদে সমাধান হয়, হবে। সংসদে সমাধান না হলে রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেবো না, ছেড়ে দেওয়ার কোনো अधिकार আমাদের নেই। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না।"

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, সংবিধান সংশোধনে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধীদল কোনো প্রতিনিধি দেবে না। জনগণের আসল দাবি ছিল সংবিধান সংস্কার, যার জন্যই রেফারেন্ডাম বা গণভোট অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশের ৭০ ভাগ মানুষ ভোট দিয়েছে, সেখানে সংসদের ভেতরে এসে তা পরিবর্তনের পক্ষে নন তারা। তিনি বলেন, "আমরা জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি করলে আমরা তা বিবেচনা করে দেখবো।"

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য আলাদা কোনো কমিটির প্রয়োজন নেই, এটি একটি রুটিন ওয়ার্ক। এটি ট্রেজারি বেঞ্চ থেকে বিল আকারে আসবে এবং বিরোধীদল সেখানে আলোচনায় অংশ নেবে। বিল পাস বা রিজেক্ট হওয়া স্বাভাবিক সংসদীয় প্রক্রিয়া। তবে কমিটি যদি গঠন করতেই হয়, তা করতে হবে সংবিধান 'সংস্কারের' জন্য। সংস্কারের জন্য কোনো প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

অতীতের নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, "আমাদের সিদ্ধান্ত সম্পূর্ণ ভিন্ন। আমরা বগলদাবা বিরোধীদল হবো না এবং সংসদের ভেতরে এমন কোনো আচরণ করবো না যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়। জনগণ আমাদের সংসদে পাঠিয়েছে তাদের কথা বলার জন্য।" কোনো যৌক্তিক ইস্যু নাকচ করা হলে তারা সংসদ থেকে ওয়াকআউট করবেন জানিয়ে তিনি বলেন, তবে তা দীর্ঘমেয়াদি হবে না। তারা একটি ‘যৌক্তিক বিরোধীদল’ হিসেবে দেশের স্বার্থে কাজ করতে চান।

সংসদ অধিবেশন পরিচালনায় প্রতি মিনিটে ১ লাখ ৭৬ হাজার টাকা খরচ হয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে ব্যক্তিগত চরিত্রহনন, দলীয় কাদা ছোড়াছুড়ি কিংবা কারো মনোরঞ্জন বা প্রশংসা করা যেন বাদ দেওয়া হয়, সেজন্য তারা স্পিকারকে অনুরোধ জানিয়েছেন।

সংসদে বিরোধী দলের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে অধিবেশন আহ্বান, ব্যাংক খাতের ভঙ্গুর দশা এবং ধসে পড়া স্টক মার্কেট নিয়ে তারা সংসদের ভেতরে জনগণের পক্ষে কথা বলেছেন। এছাড়া প্রবাসীদের সমস্যা নিয়ে দেওয়া নোটিশের প্রেক্ষিতে তারা একটি সুনির্দিষ্ট সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

সীমান্তে পুশ-ইন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে এই সংবেদনশীল বিষয়ে আলোচনার নোটিশ দেওয়া হলেও পরবর্তীতে রহস্যজনকভাবে ওই দিনের কার্যসূচি থেকে তা বাদ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই সমস্ত বিষয়ের যৌক্তিক সমাধান চান তারা।

তাসনিম হোসেন