উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নীলফামারীর তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি বাড়তে থাকায় তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশন জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় তা ১০ সেন্টিমিটার নিচে নেমে আসে। বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে উজান থেকে ঢল অব্যাহত থাকায় যেকোনো সময় পানি আবারও বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই নদীটির পানি দ্রুত বাড়তে শুরু করে।
পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ীসহ বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ফসলি জমিতে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে পানি ওঠানামা করায় চরাঞ্চলের আবাদি জমি তলিয়ে যাচ্ছে এবং তারা সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। ঢলের তীব্রতা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বন্যা সতর্কীকরণ কেন্দ্র সার্বক্ষণিক নজরদারি রাখছে।