বিচারের দাবিতে কাল ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ০২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

গুম, খুন, গণহত্যাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী মাসে দেশব্যাপী কর্মসূচির কথাও জানিয়েছে জোটটি।

সোমবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে ড. আযাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দেশবিরোধী নানা ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৪ জুলাই দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বাজেট পাসের পরও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের বিশেষ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা আগামী ২৫ জুন অনুষ্ঠিত বৈঠকে নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আযাদ বলেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা কামনা করেন।

তিনি অভিযোগ করেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া এবং দায়ীদের বিচারের আওতায় না আনার প্রবণতার বিরুদ্ধেই তারা আন্দোলন করছেন।

জোটের চলমান কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে তিনটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। আগামী ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, জাগপার মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার উপস্থিত ছিলেন।

তাসনিম হোসেন