রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা জুলাই হত্যাযজ্ঞের আরও ৩টি মামলায় জামিন আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে যেকোনো দিন এই আবেদনগুলোর ওপর শুনানি হতে পারে।
আদালত সূত্রে জানা গেছে, এর আগে দীপু মনিকে অন্য ২টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া আরও ১৩টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এখন পর্যন্ত ডা. দীপু মনিকে অন্তত ৩৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় তার বিচার প্রক্রিয়া চলছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে পুলিশ দীপু মনিকে গ্রেপ্তার করে।
এদিকে, জুলাইয়ের একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু, শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন আবেদন নিয়ে আগামী সপ্তাহে হাইকোর্টে রুল শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।