সামাজিক অনুষ্ঠান ও বিয়ে-শাদীতে অতিরিক্ত ব্যয় ও অপচয় রোধে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স বা কর আরোপের প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তাঁর দাবি, এই ধরনের বিলাসী অপচয় বন্ধ করা গেলে একদিনের ব্যবধানেই দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসবে।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিত্তশালীদের অর্থের অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মো. শাহাদাত হোসেন বলেন, "আমাদের সমাজে বিভিন্ন বিয়ে ও অনুষ্ঠানে বিত্তবৈভবের যে অশ্লীল প্রদর্শনী ও অর্থের অপচয় আমরা দেখি, তা কল্পনাতীত। এমনকি গায়ে হলুদের কোরিওগ্রাফি আর নাচের জন্য এক মাস ধরে প্রশিক্ষণ নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এসব অনুষ্ঠানে দুহাতে টাকা ওড়ানো হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, বিশাল আয়োজনের এসব অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নিলেও খাবারের একটা বড় অংশ অপচয় হয়। দেশের স্বার্থে এই অপচয় দ্রুত বন্ধ করা প্রয়োজন।
অতীতে থাকা অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে এই সংসদ সদস্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, "আগে একটি আইন ছিল যেখানে ১০০ জনের বেশি অতিথি হলেই কর বা ট্যাক্স দিতে হতো। আমরা প্রস্তাব করছি, এখন থেকে বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি থাকলে, পরবর্তী প্রতিজন অতিথির বিপরীতে এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করা হোক।"
বক্তব্যের শেষাংশে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিয়ে-শাদীর নামে বিত্তশালীদের এই ধরনের প্রদর্শনী এবং অপচয় বন্ধ করা সম্ভব হলে, তার ইতিবাচক প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং একদিনেই নিত্যপণ্যের দাম ১০ শতাংশ হ্রাস পাবে।