জুলাইয়ের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি: আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, দুই বছর পরও তার পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি শহীদ ও আহতদের পুনর্বাসন, বিচারপ্রক্রিয়া এবং জুলাই স্মৃতি জাদুঘর দ্রুত উন্মুক্ত করার দাবি জানান।

বুধবার (১ জুলাই) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতা, বিভিন্ন পেশার মানুষ, শ্রমজীবী ও প্রবাসীদের অংশগ্রহণে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল, দুই বছর পরও সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি।

আখতার হোসেন বলেন, অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা আজও তাদের স্বজন হারানোর বেদনা বহন করছেন। একই সঙ্গে অনেক আহত ব্যক্তি এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হতে পারেননি। সরকারের পক্ষ থেকে কিছু সহায়তার উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের, বিশেষ করে গুরুতর আহত ও স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়াদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে পূর্ণাঙ্গ পুনর্বাসনের আওতায় আনা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়া উচিত।

বিচারপ্রক্রিয়ার প্রসঙ্গে আখতার হোসেন বলেন, অভ্যুত্থানের সময় যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও সহিংসতার অভিযোগ রয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের বিষয়েও সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত বলে তাদের দলের প্রত্যাশা।

'জুলাই ফাউন্ডেশন' প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাই দ্রুত বেতন চালু করে প্রতিষ্ঠানটিকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।

জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে আখতার হোসেন বলেন, সেখানে সংরক্ষিত বিভিন্ন আলামত ও স্মারক দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দেশের মানুষ যেন সহজে সেখানে গিয়ে জুলাইয়ের ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে পারেন, সে জন্য দ্রুত জাদুঘরটি সবার জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

 

তাসনিম হোসেন