প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও সমন্বিত করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকাকে ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১২১তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের একাংশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবং অপর অংশ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর—এই তিন জেলার প্রশাসনিক সীমার মধ্যে প্রকল্প পরিচালনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছিল।
এ পরিস্থিতিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পুরো প্রকল্পকে ঢাকা জেলার প্রশাসনিক আওতায় আনার প্রস্তাব দেয়। সভায় সেই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এর ফলে প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম আরও সহজ, দ্রুত এবং সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।
সভায় দেশের বিভিন্ন এলাকায় তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।
নতুন উপজেলাগুলো হলো—
- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা।
- কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা উপজেলা।
- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা।
এছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা নামে নতুন একটি থানা প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, এসব সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।