সরকারপ্রধানের নিরাপত্তা কৌশল যেন সাধারণ জনগণ থেকে দূরত্ব তৈরি না করে—এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপরই তিনি আস্থা রাখতে চান।
পিজিআর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন।" অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সদস্যদের কাজের প্রশংসা করে তারেক রহমান বলেন, "সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি।" এই লক্ষ্যে সরকার আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে এবং পেশাদারিত্ব বজায় রাখে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না।