ইয়েমেনে হুতি হামলায় ১৪ সরকারি সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির এক সামরিক কর্মকর্তা। এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

রোববার (৫ জুলাই) সামরিক ওই কর্মকর্তা জানান, হোদেইদাহের দক্ষিণে হাইস এলাকায় সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের আকস্মিক হামলা প্রতিহত করে। শনিবার ভোরে শুরু হওয়া এ সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে।

তিনি আরও বলেন, সংঘর্ষে হুতি বিদ্রোহীদের পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন, তবে তাদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সরকারবিরোধী যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে লাখ লাখ মানুষের মৃত্যু এবং ব্যাপক মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

বর্তমানে হুতিরা রাজধানী সানা ও হোদেইদাহসহ দেশের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমে এলেও সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।

 

তাসনিম হোসেন