বাড়ি থেকে ডেকে নিয়ে খুঁটিতে বেঁধে তরুণকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ১২:৪৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে জিসান (২৫) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় অনিক নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ জুলাই) রাতে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে।

ঘটনার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে রশি দিয়ে বাঁধা দুই তরুণকে কয়েকজন ব্যক্তি লাঠি ও লোহার পাইপ দিয়ে মারধর করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জিসান ও অনিককে বাড়ি থেকে ডেকে এনে ছিনতাইকারী বলে অভিযুক্ত করা হয়। পরে তাদের বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয় একটি সামাজিক সংগঠনের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মারধরে গুরুতর আহত জিসানকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি শব্দধারণে এক ব্যক্তিকে জনতার পক্ষে বক্তব্য দিতে শোনা যায়। তবে ওই বক্তব্যের সত্যতা এবং এর সঙ্গে ঘটনার সংশ্লিষ্টতা তদন্তাধীন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

তাসনিম হোসেন