চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে পৌর সদরের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক, রাকিব, ইকবাল ও মঞ্জুরের নাম জানা গেছে। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম এবং পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। মাঠে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলাউদ্দিনের অনুসারীরা একটি মিছিল নিয়ে ফকিরপাড়া এলাকায় গেলে মাসুমের সমর্থকদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আলাউদ্দিনের অনুসারীরা মাসুমের চাচার একটি চায়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে বাধা দিতে গেলে নারীসহ বেশ কয়েকজন আহত হন।
পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, খেলাকে কেন্দ্র করে কিছু অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।