বিশ্বকাপের হাওয়া রাজনৈতিক পরিবারেও: ইংল্যান্ডের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ভরা মৌসুমে সাধারণ মানুষের পাশাপাশি ফুটবলের হাওয়া লেগেছে দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারেও। জানা গেছে, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসের সুবাদে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমর্থন করছেন হ্যারি কেইনদের 'থ্রি-লায়ন্স' তথা ইংল্যান্ড দলকে, অন্যদিকে ঐতিহ্য মেনে তার মেয়ে জাইমা রহমান বেছে নিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি এবং ক্রীড়াঙ্গন নিয়ে তার আগ্রহের কথা সবার জানা থাকলেও, এবার জানা গেল বিশ্বমঞ্চে তার প্রিয় দলের নাম। দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের কারণে ফুটবলার হ্যারি কেইনদের ‘থ্রি-লায়ন্স’ বা ইংল্যান্ড দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি নিজেই জানিয়েছেন, অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই তিনি এই দলের একনিষ্ঠ সমর্থক।

প্রধানমন্ত্রীর ইংল্যান্ড প্রীতির দিনে ঐতিহ্যগতভাবেই এই পরিবারে জড়িয়ে আছে সেলেসাওদের নাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। অনেকের ধারণা, দাদীর সেই চেনা সাম্বা ফুটবলের ঐতিহ্য এবার ধরে রেখেছেন নাতনী জাইমা রহমান।

বিশ্বকপ ফুটবলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন জাইমা। যেখানে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।

জাইমা রহমান তার এই রহস্যময় স্টোরির ক্যাপশনে ফুটবল ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’। শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল উন্মাদনাকে আরও ফুটিয়ে তুলতে স্টোরির ব্যাকগ্রাউন্ডে তিনি যুক্ত করেছেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি। জাইমার এই স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে, যা দেশের ফুটবলপ্রেমীদের মাঝে ভিন্ন এক মাত্রা যোগ করেছে।

তাসনিম হোসেন