‘কালেমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র কালিমাখচিত থাকায় ধর্মীয় নিয়ম মেনে উরুগুয়ে ম্যাচে সৌদি আরবের পতাকা মাটিতে না নামিয়ে উঁচিয়ে রেখেছিল ফিফা। বিশ্বকাপে সৌদির বিশেষ অনুরোধে ফিফার এমন বিরল সম্মান প্রদর্শনের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুই দেশের পতাকা মাঠে অনুভূমিকভাবে (মাটির সমান্তরালে বা নিচু করে) প্রদর্শন করা হয়। চলতি বিশ্বকাপের আগের ম্যাচগুলোতেও এই নিয়ম কঠোরভাবে মানা হয়েছে। তবে উরুগুয়ে বনাম সৌদি আরবের ম্যাচে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। অবাক করার বিষয় হলো, এই ম্যাচে সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় নিয়ম অনুযায়ী, পবিত্র কালিমাখচিত থাকায় দেশটির জাতীয় পতাকাকে কখনো নিচে বা মাটিতে নামানো যায় না। মূলত সৌদি আরব ফুটবল ফেডারেশনের বিশেষ অনুরোধে ফিফা তাদের এই ধর্মীয় স্পিরিটকে সম্মান জানায়। ম্যাচ শুরুর আগে ফিফার প্রতিনিধিরা পতাকাটি মাটিতে না নামিয়ে হাত দিয়ে উঁচিয়ে ধরে রাখেন।

এদিকে এক দেশের পতাকা নিচে নামানো আর অন্য দেশেরটা উঁচিয়ে রাখা হলে বৈষম্য বা বিতর্কের সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে ফিফা কর্র্তৃপক্ষ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়। বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাটিও একইভাবে ওপরে উঠিয়ে রাখা হয়।

ফিফার এমন চমৎকার ও সংবেদনশীল সিদ্ধান্তের কারণে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে প্রশংসার ঝড় উঠেছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা যেভাবে একটি দেশের ধর্মীয় মূল্যবোধ ও নিয়মকে সম্মান জানিয়েছে, তা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাসনিম হোসেন