কেপ ভার্দে অনেক শক্তিশালী প্রতিপক্ষ: স্কালোনি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০১:১২ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, গ্রুপ পর্বে জয় না পেলেও আফ্রিকার দলটি শক্ত প্রতিদ্বন্দ্বী এবং আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হতে পারে।

রোববার জর্ডানের বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো দলের বিপক্ষে কঠিন লড়াই করেছে। তাই প্রতিপক্ষকে অবমূল্যায়নের সুযোগ নেই।

তিনি বলেন, কেপ ভার্দে দ্রুতগতির, মানসম্পন্ন এবং সংগঠিত দল। এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন হচ্ছে। তাই পরের ম্যাচে আর্জেন্টিনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ম্যাচের সময়সূচি নিয়েও কিছুটা অসন্তোষ প্রকাশ করেন স্কালোনি। তিনি বলেন, আর্জেন্টিনার সময় অনুযায়ী সন্ধ্যায় খেলতে হবে, যখন গরম থাকবে। তবে সব দলকেই একই পরিস্থিতিতে খেলতে হচ্ছে বলে এ নিয়ে অভিযোগ করার সুযোগ নেই।

জর্ডানের বিপক্ষে ম্যাচে একাধিক কৌশলগত পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। রক্ষণভাগে বিকল্প খেলোয়াড় তৈরির লক্ষ্যেই মাঝমাঠের খেলোয়াড় এক্সেকিয়েল পালাসিওসকে ডান প্রান্তের রক্ষণভাগে খেলানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েলকে অপ্রয়োজনীয় ঝুঁকিতে ফেলতে চাননি বলেও উল্লেখ করেন।

এদিন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। স্কালোনি জানান, মেসিই শুরুতে বেঞ্চে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যাতে দলের অন্য খেলোয়াড়রা মাঠে নামার সুযোগ পান এবং তিনি পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারেন।

মেসির প্রশংসা করে স্কালোনি বলেন, চাইলে তিনি পুরো ম্যাচ খেলতে পারতেন এবং আরও রেকর্ড গড়তে পারতেন। কিন্তু ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের স্বার্থকেই বেশি গুরুত্ব দেন মেসি। তার এই মানসিকতা জাতীয় দল ও সতীর্থদের প্রতি দায়িত্ববোধেরই প্রমাণ।

তাসনিম হোসেন