মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে মির্জা আব্বাসের নিয়মিত থেরাপির পাশাপাশি পুনর্বাসন কার্যক্রম (রিহ্যাবিলিটেশন) চলছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে থেরাপি সেশন শেষ করার পর তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে একটি উন্মুক্ত স্থানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। এ সময় তিনি চিকিৎসকদের নির্দেশনা মেনে হালকা কিছু শারীরিক ব্যায়ামও সম্পন্ন করেছেন।

দলীয় সূত্র মারফত জানা গেছে, বর্তমানে মালয়েশিয়ার বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র 'পুসাত রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক্স অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে' মির্জা আব্বাসের পায়ের নিয়মিত থেরাপি চলছে। সেখানকার চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে তাঁকে নিয়মিত ফিজিওথেরাপি নেওয়া, প্রতিদিন কিছুটা সময় হাঁটাচলা করা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় তিনি বেশ ইতিবাচক সাড়া দিচ্ছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে জ্ঞান হারান বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার করেন।

পরবর্তীতে ঢাকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস ধরে নিবিড় চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে। এরপর সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই মূলত পরবর্তী ফিজিওথেরাপি ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মালয়েশিয়ার ওই বিশেষায়িত সেন্টারে নিয়মিত পুনর্বাসন চিকিৎসা গ্রহণ করছেন এবং তাঁর সুস্থতার গ্রাফ ঊর্ধ্বমুখী রয়েছে।

তাসনিম হোসেন