প্রধানমন্ত্রীর ভিশন বা লক্ষ্য পূরণ করার জন্য প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষি ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ্যাবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী দেশের কৃষি খাতের বাজেট ও সামগ্রিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি উল্লেখ করেন, এবারের বাজেটে কৃষি খাতে পূর্বের তুলনায় বরাদ্দ কিছুটা বাড়ানো হলেও তা দেশের বর্তমান প্রেক্ষাপটে মোটেও যথেষ্ট নয়।
বাজেটের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, "বর্তমানে জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) কৃষির বরাদ্দ মাত্র ৫ থেকে ৬ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু দেশের কৃষি ও কৃষকের প্রকৃত উন্নয়নের জন্য এই বরাদ্দ বাড়িয়ে অন্তত ৭ থেকে ৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। আর তা করতে পারলে দেশের অর্থনীতি আরও মজবুত হবে।"
কৃষি খাতকে আরও আধুনিক ও স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কৃষিতে গবেষণার পরিধি আরও বাড়াতে হবে। সঠিক গবেষণা নিশ্চিত করা গেলে কৃষির প্রতিটি ক্ষেত্রে দেশকে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব।
শিল্পায়নের সাথে কৃষির সমন্বয়ের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হওয়া উচিত দেশের নিজস্ব কাঁচামাল বা 'মেটেরিয়াল' ব্যবহার করে দেশীয় শিল্প গড়ে তোলা। আর সেটি যদি করা সম্ভব হয়, তবেই তা প্রকৃত অর্থে একটি শক্তিশালী 'এগ্রিকালচার ইন্ডাস্ট্রি' বা কৃষি শিল্প হিসেবে গড়ে উঠবে।" এই ধরনের কৃষিভিত্তিক শিল্পায়নকে এগিয়ে নিতে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ওপরও বিশেষভাবে গুরুত্বারোপ করেন রুহুল কবির রিজভী।