প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে গৌরনদীসহ বরিশাল সফর করবেন তিনি। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরটি নির্বিঘ্ন ও সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে প্রশাসন এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে শুক্রবার (১০ জুলাই) রাত আটটায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক কর্মীসভার আয়োজন করা হয়। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।
কর্মীসভার একপর্যায়ে তথ্যমন্ত্রীর মোবাইল ফোনে যুক্ত হয়ে সরাসরি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে সালাম ও শুভেচ্ছা জানালে তিনি তা গ্রহণ করেন এবং আগামী ১৩ জুলাই গৌরনদী সফরে সবার সঙ্গে সরাসরি সাক্ষাতের কথা জানান।
জোরদার প্রস্তুতি ও সমন্বয় সভা
প্রধানমন্ত্রীর সফরকে সফল করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় প্রস্তুতি ও সমন্বয় সভা সম্পন্ন করেছেন।
শুক্রবারের কর্মীসভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না। এ সময় স্থানীয় ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।