রাঙ্গামাটির দুর্গতদের যতদিন প্রয়োজন, ততদিন ত্রাণ দেবে সরকার: প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

রাঙ্গামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন বলেছেন, দুর্গতদের প্রয়োজন অনুযায়ী যতদিন লাগবে ততদিন খাদ্য ও ত্রাণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাতে রাঙ্গামাটির কয়েকটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

তিনি বলেন, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে তিন মাস বা তারও বেশি সময় ধরে সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মেরামতের জন্য টিনসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে পুনর্বাসনের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, কীভাবে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান পরিস্থিতিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে কাজ করছে। তিনি আরও জানান, পাহাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন।

এদিকে সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, তিনি নিয়মিত দুর্গত এলাকা পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। যেসব এলাকায় এখনো সহায়তা পৌঁছায়নি, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফারুয়া এলাকা দুর্গম হওয়ায় সেখানে ত্রাণ পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী ও অর্থ বরাদ্দ রয়েছে এবং সবার সহযোগিতায় এই দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টোসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 

তাসনিম হোসেন