মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতা পাঠানো হয়। কিছু অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার অর্থ স্থানান্তর করা হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেটে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে যান।
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে সংক্ষিপ্ত বিশ্রাম নেন এবং পরে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। দিনের শেষভাগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মৌলভীবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মীদের মধ্যেও এ সফরকে ঘিরে উৎসাহ দেখা গেছে।