তিন নতুন উপজেলা ও একটি থানা গঠনের সিদ্ধান্ত বুধবার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৫:৪৮ পিএম

প্রশাসনিক সেবা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে দিতে দেশে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগের এক হাজার নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে নিকারের ১২১তম সভা। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে গত ২৮ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা থানা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে বাঙ্গারা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে আদর্শনগর নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব আলোচনা হবে।

সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর অংশ ঢাকা জেলার সঙ্গে যুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাবও বিবেচনা করা হবে। এ প্রস্তাব উপস্থাপন করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর-সংক্রান্ত একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী এবং কমিটির সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকারব্যবস্থার সম্প্রসারণ এবং জনসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে নিকারের এ সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তাসনিম হোসেন