ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর আইনজীবী শিশির মনির জানান, আসনটিতে পুনরায় নির্বাচন হবে কি না, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন আসলাম চৌধুরী। তবে তার প্রার্থিতা নিয়ে শুরু থেকেই আইনি জটিলতা ছিল। নির্বাচনের ফল প্রকাশও আদালতের আদেশে স্থগিত ছিল।
এর আগে হাইকোর্টের এক আদেশে তার প্রার্থিতা বহাল রাখা হয়েছিল। তবে ওই আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। পরে আপিল বিভাগ তা মঞ্জুর করে নির্দেশ দেন যে, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফল প্রকাশ স্থগিত থাকবে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে একাধিক ধাপে শুনানি শেষে আপিল বিভাগ চূড়ান্তভাবে প্রার্থিতা বাতিলের এ রায় দেন।