জুলাই মাসে এলপিজির নতুন দাম ঘোষণা বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

চলতি জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন মূল্য বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই দিনই জানা যাবে গ্যাসের দাম বাড়ছে নাকি অপরিবর্তিত থাকছে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দর নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

একই সঙ্গে বিইআরসির ওয়েবসাইটে নতুন মূল্যসংক্রান্ত আদেশ প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সময় অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

 

তাসনিম হোসেন