রপ্তানি আয়ে লক্ষ্য পূরণ হয়নি, আগের বছরের তুলনায়ও কমেছে আয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ০১:২০ পিএম

সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। শুধু তাই নয়, আগের অর্থবছরের তুলনায়ও সামান্য কমেছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, সামগ্রিক রপ্তানি খাতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।

ইপিবির প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কম। একই সময়ে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫০০ কোটি ডলার, অর্থাৎ লক্ষ্যের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম আয় হয়েছে।

২০২৪–২৫ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলার। সেই তুলনায় এবারের অর্থবছরে আয় আরও কিছুটা কমেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব দেশের রপ্তানিমুখী শিল্পে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাজারে চাহিদা হ্রাস পাওয়ায় তৈরি পোশাক খাতে রপ্তানি কমেছে।

ইপিবির তথ্যে দেখা যায়, সদ্য সমাপ্ত অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ১১ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কম। আগের বছর এ খাত থেকে আয় হয়েছিল ৩ হাজার ৯৩৪ কোটি ৭০ লাখ ডলার।

দেশের মোট রপ্তানি আয়ের প্রধান উৎস এই তৈরি পোশাক খাতেই আয় কমায় সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় পৌঁছেছে বলে বিশ্লেষকদের মত।

 

তাসনিম হোসেন