বরিশালে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ অভিযুক্তদের বিচারের দাবিতে বরিশাল নগরীতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা।

বৃহস্পতিবার দুপুরে নগরীর নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ জানান। মিছিলের কারণে কিছু সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২৯ জুন রাতে নতুনবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার সময় ছাত্রদলের কয়েকজন নেতা দোকানে ভাঙচুর চালান এবং দোকানের নারী কর্মীদের মারধর করেন। তারা আরও দাবি করেন, হামলার সময় ক্যাশবাক্স থেকে টাকা লুট করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া রেনু বেগম বলেন, হামলার ঘটনায় এখনো কোনো বিচার হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতার করেনি। অন্যদিকে সালমা ইসলাম অভিযোগ করেন, হামলার সময় নারীদের শ্লীলতাহানিও ঘটেছে।

এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই রেস্টুরেন্টে খাবারের দাম বেশি রাখা হচ্ছিল, এ নিয়ে প্রতিবাদ করলে তাদের এক কর্মীকে মারধর করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাসনিম হোসেন