তিস্তা পাড়ে ৫ জেলার হাজারো মানুষের আলোর মিছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

তিস্তা নদীর দুই তীরের পাঁচ জেলার আটটি স্থানে হাজারো মানুষ গণসমাবেশ ও আলোর মিছিল করেছে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও একনেক অনুমোদনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১ জুলাই) সন্ধ্যার পর রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাবাজার সংলগ্ন তিস্তা পাড়ে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা শুধু উন্নয়ন প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আঞ্চলিক বৈষম্য দূরীকরণের একটি সমন্বিত উদ্যোগ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে প্রকল্প বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন, তা দ্রুত বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই দ্রুত একনেক অনুমোদন ও নির্দিষ্ট সময়সূচিসহ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।

সমাবেশ শেষে হাজারো মানুষের অংশগ্রহণে আলোর মিছিল ও মশাল প্রজ্বালন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।

একই দাবিতে রংপুরের গঙ্গাচড়া, নীলফামারীর জলঢাকা এবং কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার পর তিস্তা অববাহিকার মানুষের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে। এখন দ্রুত একনেক অনুমোদন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা সময়ের দাবি।

কর্মসূচি থেকে ভবিষ্যতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও ৬ দফা দাবি উপস্থাপনের ঘোষণা দেওয়া হয়।

তাসনিম হোসেন