ফটিকছড়িতে রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শতাধিক ফলদ গাছ কাটার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির রাঙ্গামাটিয়া রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে জায়গা দখলের জেরে ব্যক্তি মালিকানাধীন ও বাণিজ্যিক বাগানের কয়েক শতাধিক ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে বাগান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, জমিটি তাদের নিজস্ব এবং নিয়ম মেনেই সেখানে রাবার বাগান সৃজনের কাজ চলছে।

ভুক্তভোগী আমিনুল হক ও আহমদুল হক রোববার (৫ জুলাই) গণমাধ্যমকে জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ বা অনুমোদন ছাড়াই দুদিন আগে তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে থাকা আম, কাঁঠাল, জাম ও বাঁশসহ কয়েক শতাধিক গাছ কেটে ফেলা হয়। প্রায় ১০০ বছর ধরে তাদের পরিবার এই জমিটি ভোগদখল করে আসছে দাবি করে তারা এই ধ্বংসযজ্ঞের জন্য রাবার বাগান কর্তৃপক্ষকে দায়ী করেন এবং আর্থিক ক্ষতির সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেন।

একই ঘটনার শিকার হয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা ওয়াহিদ কাউসার মওলা হিরু। তাঁর অভিযোগ, কোনো ধরনের নোটিশ ছাড়াই রাবার বাগান কর্তৃপক্ষ তাঁর গড়ে তোলা বাণিজ্যিক আমবাগানের কয়েকশ আমগাছ কেটে ফেলেছে, যা তাঁকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন রাঙ্গামাটিয়া রাবার বাগানের ব্যবস্থাপক কে এম মাহবুব আলম। তিনি বলেন, "আমরা কোনো ফলদ গাছ কাটিনি। সংশ্লিষ্ট জমিটি রাবার বাগানের ৩/৮৬ নম্বর ব্লকের অন্তর্ভুক্ত এবং এটি বাগানের নিজস্ব সম্পত্তি।" তিনি আরও দাবি করেন, অভিযোগকারীরা দীর্ঘদিন ধরে সরকারি এই জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। ২০২৪-২৫ অর্থবছরের নিয়মিত উন্নয়ন কার্যক্রম ও রাবার বাগান সৃজনের অংশ হিসেবেই সেখানে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তাসনিম হোসেন