১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও ঐতিহাসিক আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জুলাই ও আগস্টজুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ এবং কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে দুটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন শাহবাগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার স্মরণে আলোকচিত্র প্রদর্শনী, ১৮ জুলাই প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৪ জুলাই যাত্রাবাড়ীর ঐতিহাসিক প্রতিরোধ স্মরণে বিশেষ সমাবেশের আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশে স্মরণসভা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পুরো আগস্টজুড়ে গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

 

তাসনিম হোসেন